Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতগতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১০:৩৯ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৫৮

– ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ডের অদূরে হামিদ সিএনজি স্টেশনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দ্রুতগতিতে চলা দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। বিশেষ করে রাতের সময় তরুণদের দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর