সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কলেজ ছাত্র শাকিল হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের বাগ্বিতণ্ডা হয়। পরে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই ঈদের দিন (২৮ মে) পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় নিহত শাকিলের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু-র নির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রধান আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে এ হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার হওয়ায় নিহত শাকিলের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।