Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্চয়পত্র বিক্রিতে হয়রানি বন্ধে ব্যাংকগুলোকে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:৫১

ঢাকা:সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও অনাগ্রহের অভিযোগ পাওয়ার পর তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে এবং এ-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখতে হবে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত কিছু তফসিলি ব্যাংক নানা প্রক্রিয়ার অজুহাতে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭–এর নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো সঞ্চয়পত্র ইস্যুকারী অফিস হিসেবে কাজ করে। সে কারণে বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান এবং সেবার মান নিশ্চিত করার দায়িত্ব তাদের ওপর বর্তায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সঞ্চয়পত্র–সংক্রান্ত কার্যক্রম যাতে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়, সে জন্য ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো গ্রাহক সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে এবং শাখার দৃশ্যমান স্থানে অভিযোগ জানানোর প্রক্রিয়া প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো ব্যাংক থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পেলে গ্রাহকদের সরাসরি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে। এ জন্য গ্রাহকরা ই–মেইলের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এসব পদক্ষেপের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হবে এবং বিনিয়োগকারীদের ভোগান্তি কমবে।