ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা থেকে ক্ষমতা এখন সরাসরি জনগণের আঙিনায় পৌঁছেছে। বর্তমানে দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ উন্নয়ন বিএনপির অবদান উল্লেখ করে তিনি বলেন, সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপের কারণে দেশের ৭০% এর বেশি মানুষ এই সরকারের প্রতি সন্তুষ্টি ও আস্থা প্রকাশ করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদের সভাপতিত্বে সভায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুসহ প্রবাসী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বক্তব্যে কাদের গনি চৌধুরী বর্তমান সরকারের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক খাতের বিভিন্ন ইতিবাচক অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সরকারের কার্যকর পদক্ষেপে ডলার ও রুপির বিপরীতে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে স্থানীয় মুদ্রা ‘টাকা’ এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর ফলে জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানি ব্যয় অনেকটাই কমে আসবে। এছাড়া গত নয় মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ৩ শতাংশ কমে ৩২.৭৮ শতাংশে নেমে এসেছে।
রফতানি খাতের সুসংবাদ জানিয়ে তিনি বলেন, নতুন ও অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রফতানি এক মাসে রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বিগত অর্থবছরে ৯.০৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির নতুন মাইলফলক অর্জিত হয়েছে।
বিএফইউজে মহাসচিব আরও জানান, অতীতের আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের চাপ সত্ত্বেও বিএনপি দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার বাহুল্য হ্রাস, কৃচ্ছ্রসাধন, সীমিত গাড়িবহর ব্যবহার এবং মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ও ইতিবাচক বার্তা দিয়েছে।
সামাজিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’, প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ ও সুদ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি স্মরণ করিয়ে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জলবায়ু সুরক্ষায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক বহুমুখী উদ্যোগ বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতারই স্পষ্ট প্রতিফলন বলে তিনি মত প্রকাশ করেন।