Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি


৭ জুন ২০১৮ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি আগামী রোববার (১০ জুন) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানি শুরু করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ‘ঢাকার মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা এক আবেদনের ওপর সম্প্রতি একটি আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলেছেন, জামিন আবেদনকারী অন্য মামলায় কারাগারে রয়েছেন সেহেতু এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। একইসঙ্গে দ্রুততার সঙ্গে জামিন আবেদন নিষ্পত্তির জন্য ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’

বিজ্ঞাপন

আমিন উদ্দিন আরও বলেন, ‘বৃহস্পতিবার কুমিল্লার এই মামলায় খন্দকার মাহবুবের শুনানির শুরু করার পর আদালত বলেন, এ বিষয়ে সিনিয়র বেঞ্চ অন্য মামলায় একটি অর্ডার দিয়েছেন। ম্যাজিস্ট্রেট আদালতকে আবেদন নিষ্পত্তি করতে বলেছেন।’

তখন খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘তাহলে আপনারা এই মামলাটিও সেভাবে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিতে পারেন।’ এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণের পর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা আদেশটি দেখি নাই। তাহলে শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেন। ’ তখন আদালত মামলাটি রোববার পর্যন্ত মুলতবি করেন বলে জানান আমিন উদ্দিন মানিক।

কুমিল্লার এ মামলায় গত মঙ্গলবার (৫ জুন) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানো পূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে ৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনসহ আপিল আবেদন করেছিলেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেডকে/এমও