।। সারাবাংলা ডেস্ক ।।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে কানাডার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ জুন) ভোরে তিনি দুবাই থেকে রওনা দিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে ৫ ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। কানাডার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়) ফ্লাইটটি টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে। টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ ও কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও উপপ্রধান প্রটোকল জোনাথন সাউভি সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী টরেন্টো থেকে কানাডার প্রাদেশিক শহর কুইবেকে যাবেন। সেখানেই অনুষ্ঠিত হবে জি-৭ সম্মেলনের আউটরিচ সেশন।
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং সে দেশের কেন্দ্রীয় ও প্রাদেশিক ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুইবেকের জ্যাঁ লেসাগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবেন।
সন্ধ্যায় শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শনিবার লি ম্যানই’র রিচেলিউ হোটেলে জি-৭ আউটরিচ নেতাদের কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১০ জুন) সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। একই দিন তিনি কুইবেক থেকে টরেন্টোতে ফিরে আসবেন এবং সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী সোমবার (১১ জুন) কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানস্থল হোটেল রিজ কার্লটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পরে শেখ হাসিনা সাসক্যাচুওয়ান প্রদেশের উপপ্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও রফতানি উন্নয়নমন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউসি, অভিবাসনমন্ত্রী জেরেমি হ্যারিসন ও সাসক্যাচুওয়ান প্রদেশের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন।
টরেন্টো ত্যাগের আগে প্রধানমন্ত্রী কমার্শিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জেবলকের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (১২ জুন) রাতে প্রধানমন্ত্রী দুবাই হয়ে দেশে ফিরবেন।
বিশ্বের অন্যতম ক্ষমতাধর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী সাতটি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি-৭। ফোরামটির শীর্ষ সম্মেলনে সম্মেলনে ১৬টি দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগ দেবেন শেখ হাসিনা।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও জি-২০’র সভাপতি মাউরিকো ম্যাকরি, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির সভাপতি জোভেনেল মইসি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট উহরো কেনিয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইনি, নওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, রুয়ান্ডার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের সভাপতি পল ক্যাগামি, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সিসিলির প্রেসিডেন্ট ড্যানি ফেউরি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান পুউচ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগারডি, ইকোনমিক কো-অপারেশন ও ডেভেলপমেন্ট সংস্থার মহাসচিব জোসে এ্যাঞ্জেল গুরিয়া, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা গিউরগিভা সম্মেলনে যোগ দেবেন।
সারাবাংলা/এনআর/টিআর