Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্লোবাল ফ্লোটিলার কর্মীদের আটকের প্রতিবাদ গণসংহতি আন্দোলনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ২৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক এবং ফিলিস্তিনের গাজায় ইজরায়েলিদের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগে হামলা চালানো আসলে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে দমন করার অংশ। ইজরায়েল একদিকে গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে সারা দুনিয়ার মানুষের ফিলিস্তিনের প্রতি সংহতির কণ্ঠস্বরও দমন করতে চাইছে।

তারা আরও বলেন, গাজায় প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। এর মধ্যে ফ্লোটিলার কর্মীদের আটক করা ইজরায়েলি আগ্রাসনের নগ্ন রূপ। আন্তর্জাতিক শক্তিগুলোর দ্বিমুখী ভূমিকা এই গণহত্যাকে আরও উৎসাহ দিচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশ থেকে শহীদুল আলম ও বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন বাংলাদেশের জনগণসহ সারা দুনিয়ার মানুষের ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিনিধিত্ব করছেন। তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সকল কর্মীকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

তারা অবিলম্বে আটক কর্মীদের মুক্তি এবং গাজার অবরোধ তুলে নেওয়া, ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনের দাবির প্রতি সংহতি জানান। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের স্বাধীনতার সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রতিবাদ জানানোর জন্যও আহবান জানান তারা।

বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর