Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইআরআই প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট টিমের সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট টিমের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আইআরআই-এর আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সংস্থাটির সিনিয়র প্রতিনিধি ও বিশেষজ্ঞরা—ক্রিস্টোফার জে. ফাসনার (বোর্ড অব ডিরেক্টরস সদস্য, আইআরআই), লিসা কার্টিস (সিনিয়র ফেলো ও ডিরেক্টর, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রাম, সিএনএএস), জেসিকা কিগান (টেকনিক্যাল এক্সপার্ট, ডেমোক্রেটিক ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল প্রসেসেস, আইআরআই), স্টিভ সাইমা (রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর, আইআরআই), জেমি স্পাইকারম্যান (প্রোগ্রাম ডিরেক্টর, এনডিআই), জন ফ্লুহার্টি (পলিটিক্যাল পার্টি অ্যান্ড ক্যাম্পেইন কনসালট্যান্ট), ড্যারিন বিয়েলেকি (কনসালট্যান্ট, আইআরআই) ও অমিতাভ ঘোষ (প্রোগ্রাম কনসালট্যান্ট, আইআরআই)।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের (আইআরসি) প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আইআরসি সদস্য মোনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ও আইআরসি ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদ, এবং যুগ্ম সদস্য সচিব ও আইআরসি সদস্য তাহসিন রিয়াজ।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের দায়িত্ব সম্পর্কে খোলামেলা মতবিনিময় হয়।

এনসিপি প্রতিনিধিদল বর্তমান নির্বাচনি পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরে এবং দলের নির্বাচনি প্রতীক সংক্রান্ত প্রক্রিয়াগত বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করে। তারা জোর দিয়ে বলেন, ‘স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সততা ও দায়বদ্ধতাই একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি।’

আইআরআই দলের প্রশ্নের জবাবে এনসিপি প্রতিনিধি দল ‘জুলাই সনদ’ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে জানায়, দলটি সেই নথিতে সই না করার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বার্থ এবং প্রকৃত গণতান্ত্রিক সংস্কারের প্রতি অঙ্গীকারের কারণেই।

এ সময় এনসিপি তাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি তুলে ধরে—যার মূল লক্ষ্য প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা, রাজনৈতিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র উন্নয়ন, এবং স্বচ্ছ ও নৈতিক শাসনের মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠন।

আইআরআই প্রতিনিধি দল এনসিপি’র উন্মুক্ততা ও স্পষ্ট অবস্থানকে প্রশংসা করে এবং বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ মূল্যায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের গুরুত্ব তুলে ধরে।

বৈঠকটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গঠনমূলক সহযোগিতা ও ধারাবাহিক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই গুরুত্বপূর্ণ মতবিনিময় আয়োজনের জন্য আইআরআই-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে পারস্পরিক আগ্রহের ক্ষেত্রগুলোতে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর