Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটকেন্দ্রে অনিয়ম ও বন্ধ হলে করণীয় জানাল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে কোনো কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা কী ব্যবস্থা নিতে হবে-সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ বাধাগ্রস্ত হলে কেন্দ্র বন্ধ ঘোষণা, পুনঃভোটের সিদ্ধান্ত এবং প্রয়োজন হলে পুরো নির্বাচনি কার্যক্রম স্থগিত করার ক্ষমতা কার হাতে থাকবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানিয়েছে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।

‎‎এতে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় শুরু করা সম্ভব না হলে প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করবেন।

‎এ ক্ষেত্রে ব্যালট বাক্স অপসারণ, ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে কিংবা ভোটের ফল নির্ধারণ অসম্ভব হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বাতিল হবে। রিটার্নিং অফিসার কমিশনের অনুমোদন নিয়ে নতুন তারিখে পুনঃভোটের ব্যবস্থা নেবেন। যদি কোনো ভোটকেন্দ্রের ফল বাদ দিয়ে পুরো নির্বাচনি এলাকার ফল নির্ধারণ সম্ভব না হয়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃভোটের নির্দেশ দেবে। পুনঃভোটে ওই কেন্দ্রের সকল ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎ গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হলে কমিশন যে কোনো পর্যায়ে ভোটগ্রহণসহ নির্বাচনি কার্যক্রম বন্ধ করার ক্ষমতা রাখে।

‎ডাকযোগে ভোট ও ফল পাঠানো

‎প্রবাসী ও নির্ধারিত শ্রেণির ভোটাররা ডাকযোগে (ওসিভি ও আইসিভি) আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ সংক্রান্ত পৃথক পরিপত্র অনুযায়ী ভোট গ্রহণ করা হবে।
‎এছাড়া প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে জাতীয় সংসদ ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি নির্বাচন কমিশনে পাঠাবেন। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে বিশেষ খাম সরবরাহ করা হবে এবং খাম পৌঁছাতে পোস্ট অফিস ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎ভোটকেন্দ্রে ব্যানার ও প্রবেশাধিকার

‎এ পরিপত্র আরও ইসি আরও জানায়, প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত পরিবেশবান্ধব ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন—এ সংক্রান্ত ফেস্টুন গুরুত্বপূর্ণ স্থানে টানাতে হবে। অবাঞ্ছিত কেউ যাতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

‎প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন করতে হবে। এতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট লিখিত প্রস্তাবসমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ব্যানার মুদ্রণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে কমিশন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর