ম্যাচের একটা পর্যায়ে মনে হচ্ছিল, লিওনেল মেসির আরেকটি জাদুকরী গোলে পয়েন্ট নিয়েই ফিরবে ইন্টার মায়ামি। অসম্ভব এক কোণ থেকে ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু শেষ পর্যন্ত সেই গোল মায়ামির হার এড়াতে পারেনি। যোগ করা সময়ে হজম করে হেরে মাঠ ছেড়েছে মেসির দল।
মেজর লিগ সকারে রোববার কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। এই হারের পর ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় অবস্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় কলম্বাস। ২৮ মিনিটে ইয়ানিক ব্রাইটের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্তিনেজ। তবে তাদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই মেসির সেই অবিশ্বাস্য গোল।
গোললাইন থেকে প্রায় সাত গজ দূরে, ডান দিকের এক কঠিন কোণ থেকে ফ্রি-কিক পান তিনি। সকলেই হয়ত ভাবছিলেন, সেখান থেকে গোলে শট নেওয়ার বদলে সতীর্থদের উদ্দেশে ক্রস করবেন মেসি।
কিন্তু সবাইকে চমকে দিয়ে সরাসরি শট নেন তিনি। বাঁক খাওয়া বলটি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ক্রসবারের নিচে আছড়ে পড়ে জালে। ধারাভাষ্যকার বলে উঠেছিলেন, ‘ও মাই গুডনেস’! অবিশ্বাস্য গোলে ১-১ সমতায় ফেরে মায়ামি।
বিরতির পরও মায়ামিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন মেসি। আরও দুবার লক্ষ্যে শট নিলেও কলম্বাসের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। পুরো ম্যাচে মায়ামির শট ছিল মাত্র ৫টি, বিপরীতে কলম্বাসের ১৪টি—আক্রমণের ধারেও এগিয়ে ছিল স্বাগতিকরা।
শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে মায়ামির জন্য। যোগ করা সময়ের শুরুতে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির সান্তিয়াগো মোরালেস। ১০ জনের দল নিয়ে তখন কোনোভাবে এক পয়েন্ট ধরে রাখার চেষ্টা করছিল মায়ামি। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে জামাল তিয়ারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বাস। সেই গোলেই মায়ামির হার নিশ্চিত হয়।