সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের পৃথক তিনটি মাদক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামিই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহীর গোদাগাড়ী থানার গঞ্জেশীবপুর গ্রামের মাজেদ আলীর ছেলে নয়ন, ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়ার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মো. আশিক।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১২। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আমবোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নয়ন ও মামুনুর রশিদকে আটক করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব। রাত ১টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মানিকুর রহমান মানিক ও মো. আশিককে আটক করা হয়।
এ ছাড়া ২০১১ সালের ২৭ নভেম্বর চৌহালী উপজেলার চর ছলিমাবাদ গ্রামে তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পরে মামলাগুলোতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত পাঁচ আসামিকে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন।