খুলনা: খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর এলাকায় নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং মোছাব্বরপুর গ্রামের রেজাউল করিম।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে তারা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’