নওগাঁ: নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ময়না রানি দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না রানি দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানি গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’