চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।
আমিনুর রহমান জানান, রাতের কোনো একসময় দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে অবস্থিত তার মুরগির খামারের কর্মীরা আগুন দেখতে পান। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি বলে জানান আমিনুর রহমান।
তিনি আরও জানান, বিষয়টি রাতে দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে জানানো হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।’
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।