Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ২০:৫৭

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন চট্টগ্রামের ডিসি-এসপি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: দীর্ঘ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়।

এর আগে এদিন বিকেল ৫টা ২০ মিনিটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা চুয়েট ক্যাম্পাসে যান। তারা প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে তারা বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপাচার্য ভবনে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, উপাচার্য অসুস্থ হয়ে পড়ায় তারা তার সুচিকিৎসা নিশ্চিত করতে এসেছেন এবং শিক্ষার্থীদের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘দীর্ঘ সময় পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তিনি (উপাচার্য) অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন। চিকিৎসকরাও তাকে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। তিনি ফোনে এবং লাইভে এসে আমাদের সহযোগিতা চেয়েছেন। তার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা নিয়ে যেতে এসেছি। ক্যাম্পাসে চলমান সংকট সম্পর্কে সরকারের সংশ্লিষ্টরা অবগত আছেন। আশা করছি, শিগগিরই এ সংকট সুরাহা হবে।’

এর আগে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বিচ্ছিন্ন অবস্থায় উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন উপাচার্যসহ ১২ জন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর