সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সাতক্ষীরা থানাঘাটা বউবাজার এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানদার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিথীকা সাধুর বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। বিক্রি শেষে দৈনিক রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু আজ বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের একশত গজ দূরে পুকুরের ভিতর মরদেহটি পড়ে থাকতে দেখে।
পরিবারের সদস্যরা আরও জানায়, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল। সেগুলো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ছিনতাইকালে তিনি ছিনতাইকারীদের চিনে ফেলায় তারা বিথীকা সাধুকে ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে হত্যা করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মাসুদুর রহমান বলেন, ‘শহরের পুকুর থেকে বিথীকা সাধুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটা হত্যা। আমরা মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। তার পরিবার থেকে থানায় হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।’