Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া মাংস দিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট
২ মে ২০২৬ ২১:২২ | আপডেট: ২ মে ২০২৬ ২১:২৫

সিলেট: জেলায় একদিনের সফরে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস খেয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে অনুষ্ঠিত ওই মধ্যাহ্নভোজনে সিলেটের হাওরের শিং মাছ, টেংরা মাছ ও বাইম মাছসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। সফরসঙ্গীদের নিয়ে আয়োজিত এ ভোজকে কেন্দ্র করে স্থানীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সিলেট মহানগর বিএনপির এক নেতা জানান, প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফরে তাকে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছে এবং তিনি তা উপভোগ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সিলেটে আগত অতিথিদের আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

এর আগে সকাল ১০ টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় ‘বাসিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের জন্য আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যও দেন বিএনপি চেয়ারম্যান।

এই সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মাজার জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তিনি তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন।