Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১০:৩০

ঢাকা: সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৮ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ দিনের এই আবহাওয়ার বার্তা জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার থেকে শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

পরবর্তী দিন অর্থাৎ রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিনও দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (১২ মে) আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য বজ্রপাত ও ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর