Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হওয়া অফিস সহায়ক মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৪:০৯

মনিরা খাতুন।

রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। মনিরা প্রায় পাঁচ বছর যাবৎ রাজবাড়ী নিরাপদ খাদ্য অফিসে অফিস সহায়ক পদে চাকরি করতেন। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মনিরা খাতুন চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে সেখানে এসডিইউ (স্টেপ-ডাউন-ইউনিটি) এ নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মনিরা খাতুন মারা গিয়েছে। তার মরদেহ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত রোববার (১০ মে) বিকেলে অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে পতাকা নামাতে গিয়ে পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। পাইপটি স্টিলের থাকায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধার করতে দেরি হওয়ায় তার সারা শরীর আগুনে ঝলসে যায়।

পরে স্থানীয় লোকজন ও পথচারী বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে জানালে, ফায়ার সার্ভিসের একটি দল এসে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হলে, সেখানে নিয়ে তাকে ভর্তি করা হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর