নীলফামারী: শরিয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির ইসলামসহ দেশব্যাপী চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ডা. আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য দেন নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হিল মাফি, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. তোজাম্মেল হক ও ডা. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক (গাইনী) ডা. জুবাইদা নাজনীন মুক্তা ও হাসিনা বানু, সহকারী অধ্যাপক (ল্যাব মেডিসিন) ডা. দেবাশীষ, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবব্রত হালদার, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আউয়ালসহ অনেকেই।
সমাবেশে বক্তারা দ্রুত সকল আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন করে কার্যকর করার আহ্বানও জানান।