Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৭০ দিনের বেশি বকেয়া থাকলে মিলবে না ই‌ডিএফ সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫

ঢাকা: রফতানিমুখী শিল্পের জন্য নেওয়া রফতানি উন্নয়ন তহবিল বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (EDF) ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে স্থানীয় সরবরাহের বকেয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি বকেয়া থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে EDF অর্থায়নের জন্য বিবেচনা করা যাবে না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী বা অথরাইজড ডিলার ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলেছে, গত ২৩ জুলাই জারি করা FEPD-1 সার্কুলার অনুযায়ী, EDF ঋণের জন্য আবেদন পাঠানোর আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে deemed exporter বা স্থানীয় সরবরাহকারীদের বকেয়া অবস্থার তথ্য যাচাই করতে হয়। অন্যদিকে, গত ১৩ আগস্টের FEPD-1 সার্কুলার নম্বর ৩০ অনুযায়ী, সর্বোচ্চ ২৭০ দিনের জন্য usance বা মেয়াদি ভিত্তিতে ব্যাক-টু-ব্যাক আমদানি এলসি খোলার সুযোগ রয়েছে।

এই দুই নির্দেশনার মধ্যে সামঞ্জস্য আনতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, যোগ্য উৎপাদকদের bulk import-এর জন্য EDF অর্থায়ন দেওয়ার ক্ষেত্রে AD ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি বকেয়া নেই।

অর্থাৎ, কোনো রফতানিকারক বা সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি সময় ধরে অনাদায়ী থাকলে সেই প্রতিষ্ঠানকে bulk import-এর জন্য EDF অর্থায়নে বিবেচনা করা হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, EDF ঋণের পরিচালনা-সংক্রান্ত আগের নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে ২৩ জুলাইয়ের FEPD-1 সার্কুলার নম্বর ২৪-এর অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর