পিরোজপুর: জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ তাদের অধিকার আদায়ে পুনরায় রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (২ মে) পিরোজপুরে জেলা জামায়াত আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুর ডাক দিয়ে যাই অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা ও পৌরসভার শূরা কর্মপরিষদের সদস্যরা অংশ নেন।
হেলাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে সনদ প্রণয়ন করা হয়েছে, তার পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে সমর্থন জানিয়েছে। জনগণের এ সমর্থনের ভিত্তিতে সনদের অঙ্গীকার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার সময় জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা নিয়ে টালবাহানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। তাই কোনো ধরনের গড়িমসি না করে দ্রুত এ সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’ সরকার সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে অতীতের মতো জনগণ আবারও রাজপথে নেমে দাবি আদায় করবে বলেও সতর্ক করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।