Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬ ১২:২৭

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে চালানো এ হামলায় নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষের কিছুক্ষণ পরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি একটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন

আল-কায়েদা-সংশ্লিষ্ট সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় আরও চার হামলাকারী আহত হয়েছে এবং ২০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে, যার মধ্যে রয়েছে আরপিজি-৭ লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড ও যোগাযোগ সরঞ্জাম।

হামলার পর নিরাপত্তা বাহিনী অবশিষ্ট হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। বিমানবন্দর সংলগ্ন এলাকায় যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে। স্থানীয় কিছু বাসিন্দাও অভিযানে অংশ নেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, জিহাদি সহিংসতার বিরুদ্ধে এক দশক ধরে লড়াই করে যাচ্ছে নাইজার। চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে, যেখানে ২০ হামলাকারী নিহত এবং চার সেনাসদস্য আহত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ঝুঁকির কথা উল্লেখ করে বিমানবন্দর সংলগ্ন কয়েকটি এলাকা উচ্ছেদ এবং নিরাপত্তা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর