কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম- ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।