Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত সময়ের আগেই ঢাকাকে বর্জ্যমুক্ত করার আশা প্রতিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৬:৪৪

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা: পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর বর্জ্য অপসারণে সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই রাজধানীকে পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দুপুরে রাজধানীর মিরপুর-১২ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর ২টা থেকে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সুশৃঙ্খলভাবে কাজ চলছে। রাত ২টা পর্যন্ত সময় থাকলেও অনুকূল আবহাওয়া ও পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতায় নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

বিজ্ঞাপন

মীর শাহে আলম বলেন, ‘শুধু ঈদের দিন নয়, পরবর্তী দুইদিনও পশু কোরবানি হওয়ার সম্ভাবনা থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে যেসব এলাকায় কোরবানি হচ্ছে, সেসব স্থান থেকে তাৎক্ষণিকভাবে বর্জ্য সংগ্রহ করে আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৬ হাজার কর্মী ও ৭৫০-এরও বেশি আধুনিক যানবাহন যুক্ত রয়েছে। একই সঙ্গে নগরবাসীকে সিটি করপোরেশনের নির্ধারিত ব্যাগে বর্জ্য ভরে নির্দিষ্ট স্থানে রাখার আহ্বানও জানান তিনি।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘পূর্বপরিকল্পিত কর্মপরিকল্পনা অনুযায়ী মাঠপর্যায়ে কাজ চলছে এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও একইভাবে কার্যক্রম পরিচালিত হবে।’

বর্জ্য অপসারণ কার্যক্রম আরও কার্যকর করতে নগরবাসীকে পশুর উচ্ছিষ্ট নির্ধারিত প্যাকেটে ফেলার আহ্বান জানান তিনিও।